শূন্য থেকে যাত্রা
শ্রী অমর মিত্র, সাহিত্যিক, পশ্চিমবঙ্গ, ভারত। শ্রদ্ধাস্পদেষু, লেফাফায় আপনার ঠিকানা লিখতে গিয়ে থমকালাম- কলকাতা লিখব? না কি শুধু পশ্চিমবঙ্গ লিখলেই হবে? আচ্ছা, পশ্চিমবঙ্গের কোথায়? শহর না গ্রাম? আয়তাকার সবুজ মলাটের বইটি আবার উল্টে দেখলাম; আপনি লিখেছেন, " আমি মূলত নগরের মানুষ। এই কলকাতা শহরে সাত বছর বয়স থেকে আছি। এই শহর আমার নিদ্রায় জাগরণে জড়িয়ে থাকে সর্বসময়। ... এই নগরে আমি চোখ মেলতে শিখেছি, এই নগর আমার পা দুটিকে সবল করেছে। দুর্গম গ্রামাঞ্চলে নিঃসঙ্গ বসবাস, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বারংবার পরিভ্রমণ আমাকে দেশ চিনিয়েছে, আমার দেখায় একটি আদল দিয়েছে... ফলে আমার লেখায় নগর এবং নগরের বাইরে পড়ে থাকা জীবন দুই-ই ঘুরে ঘুরে আসে।" এইবার, কলকাতা লিখেও কেটে দিলাম। শুধু পশ্চিমবঙ্গই লেখা থাকুক - গ্রাম, নগর দুইই পাশাপাশি দাঁড়িয়ে রইল, আপনার লেখার মত। চিঠি পৌঁছে যাবে ঠিকানায়। দেখুন স্যার, আপনার লেখা নিয়ে বলতে গেলেই আমার দিদার বাড়ির বইয়ের আলমারির কথা মনে পড়ে। দিদার বাড়ির উঠোন থেকে দুটি উঁচু ধাপ পেরিয়ে বারান্দা ছিল, সেখানে মাটির টবে স্নেক প্ল্যান্টের ডগায় ডিমের খোল...